• ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে মামলা, অভিযুক্ত সুয়েব দল থেকে বহিষ্কার

admin
প্রকাশিত মে ৬, ২০২৬

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর পোস্ট শেয়ার করার অভিযোগে মো. ইশতিয়াক আহমদ সুয়েব (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে এই এজাহারটি দায়ের করেন।

এজাহারের তথ্য অনুযায়ী, আসামি ইশতিয়াক আহমদ সুয়েব দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকার এবং তারেক রহমানের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ, মিথ্যা ও উস্কানিমূলক পোস্ট এবং ভিডিও শেয়ার করে আসছিলেন। বাদী অভিযোগে উল্লেখ করেন যে, আসামি পরিকল্পিতভাবে তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব কন্টেন্ট প্রচার করছেন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এছাড়া আসামি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে ফেসবুকের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতামূলক অপতৎপরতায় লিপ্ত রয়েছেন বলেও মামলায় দাবি করা হয়েছে। একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি মো. ইশতিয়াক আহমদ সুয়েবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ার করা এবং দলের শীর্ষ নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্নকারী তথ্য প্রচারের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা নষ্ট করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। অন্যদিকে, একই আসামির বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থানায় দায়েরকৃত অপর একটি মানহানি মামলায় (জি.আর. মামলা নং-৫৪/২০২৬) গত ৫ মে ২০২৬ তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আদালত আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেছেন।

বর্তমানে দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মামলাটির (নম্বর ৩০/৮৭) তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।