• ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে বড়লেখায় মামলা, হোসাইন আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

admin
প্রকাশিত মে ১১, ২০২৬
তারেক রহমান ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে বড়লেখায় মামলা, হোসাইন আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও রাষ্ট্রবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে মোঃ হোসাইন আহমদ (২১) নামে এক যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি মোঃ হোসাইন আহমদ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কাঠালতলী উত্তর গ্রামের লুৎফুর রহমানের পুত্র।

মামলার এজাহার ও এফআইআর (FIR) সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বাদী হয়ে বড়লেখা থানায় এই মামলাটি দায়ের করেন (মামলা নং- ২৭/৯৮)। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, আসামি মোঃ হোসাইন আহমদ দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডি ব্যবহার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ পরিপন্থী ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ভিডিও, এডিট করা ছবি এবং উস্কানিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। তার এই অপপ্রচারের ফলে দলের তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিসহ নেতার ব্যক্তিগত সম্মান ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

মামলায় আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে যে, আসামি বর্তমানে প্রবাসে (যুক্তরাজ্যে) অবস্থান করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমান সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার শেয়ার করা বিভিন্ন কন্টেন্ট ও অশালীন মন্তব্য জনমনে অসন্তোষ ও অস্থিরতা তৈরি করছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে বাদীর অভিযোগে উল্লেখ করা হয়।

বড়লেখা থানায় দায়েরকৃত এই মামলায় দণ্ডবিধির ১২৪-ক (রাষ্ট্রদ্রোহিতা), ৪৯৯, ৫০০, ৫০৩ এবং ৫০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১০ মে ২০২৬ তারিখে মোঃ হোসাইন আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন। আদালত আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোর নির্দেশ প্রদান করেছেন। বর্তমানে এস.আই মোহাম্মদ আলীর নেতৃত্বে মামলাটির অধিকতর তদন্ত ও আসামির ডিজিটাল অপরাধের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।