• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাইবার মামলা ও পরোয়ানার ১০ দিনের মাথায় প্রবাসীর বাড়িতে আগুন

admin
প্রকাশিত জুলাই ২, ২০২৬

বিয়ানীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রকাশ ও রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে মামলা দায়েরের মাত্র ১০ দিনের মাথায় যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রনেতা রেজওয়ান হোসেন রনির পৈতৃক বসতবাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৬টা ২০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এই তাণ্ডব চালানো হয়। এতে বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লাখ টাকা বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

বাগবাড়ী গ্রামের বাসিন্দারা জানান, ১ জুলাই সন্ধ্যার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত রামদা, লাঠিসোঁটা ও পেট্রোল নিয়ে হঠাৎ রেজওয়ান হোসেন রনির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও আলমারি ভাঙচুর করে। একপর্যায়ে তারা ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রাত প্রায় ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বসতঘরের সমস্ত মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে যায়।

অনুসন্ধানে জানা যায়, এই ভয়াবহ হামলার নেপথ্যে রয়েছে প্রবাসে বসে প্রকাশিত রাজনৈতিক বক্তব্য ও তার জেরে দায়ের করা একটি মামলা। গত ২২ জুন ২০২৬ তারিখে সিলেট-৬ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি সাইবার নিরাপত্তা আইনের মামলা দায়ের করেন। মামলায় প্রবাসে বসে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় এবং আদালতের নির্দেশনায় রনির বিরুদ্ধে ইতিমধ্যে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাগবাড়ী গ্রামে একটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অগ্নিকাণ্ডে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছে এবং এলাকায় তীব্র থমথমে পরিবেশ বিরাজ করছে।