• ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খাল ভরাট ও দখলের প্রতিবাদ করায় সমাজ কর্মী রফিক উদ্দিন বাসনের উপর হামলা

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৬
খাল ভরাট ও দখলের প্রতিবাদ করায় সমাজ কর্মী রফিক উদ্দিন বাসনের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ফুলমলিক-চন্দগ্রাম সড়কের পাশের একটি খাল পাইপ বসিয়ে ভরাট ও দখলের প্রতিবাদ করায় সমাজকর্মী রফিক উদ্দিন বাছনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি, সড়কের পাশের ওই খালটি ভরাট করে দখল করা হলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে খাল দিয়ে নৌকা চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ওই খাল ভরাট ও দখলের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসী আইনগতভাবে এর প্রতিবাদ করেন। পরে ২ মার্চ ২০২২ তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সময় খাল ভরাট ও দখলের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, দীর্ঘ সময় পর সম্প্রতি আবারও ওই খাল ভরাট ও দখলের চেষ্টা করা হলে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এ সময় বিষয়টির প্রতিবাদ করায় সমাজকর্মী রফিক উদ্দিন বাছনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১০ জুলাই (শুকবার) ২০২৬ ইংরেজি বিকেল ৩টার দিকে রফিক উদ্দিন বাছন ওই স্থান দিয়ে যাওয়ার সময় সেখানে এনাম উদ্দিন ও তার চাচাতো ভাই জাকির অবস্থান করছিলেন। একপর্যায়ে তাদের সঙ্গে রফিক উদ্দিন বাছনের কথা কাটাকাটি হয়। পরে তারা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় পথচারী স্থানীয় হোসেন আহমেদ ও আং কাদির এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় রফিক উদ্দিন বাছন বিয়ানীবাজার সরকারি হাসপাতালে গিয়ে জরুরি চিকিৎসা নেন।

স্থানীয়দের অভিযোগ, খালটি ভরাট ও দখল করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি সড়ক ক্ষতিগ্রস্ত এবং নৌকা চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে সমাজকর্মী রফিক উদ্দিন বাছনের ওপর হামলার অভিযোগও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।উল্লেখ্য রফিক উদ্দিন বাসন প্রতিবাদির ভূমিকায় থাকায় উনার উপর এই আক্রমণ হয়েছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত এনাম উদ্দিন ও জাকিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।