• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জাগরণ’ এ বিতর্কিত কলাম লেখার দায়ে এমসি কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
‘জাগরণ’ এ বিতর্কিত কলাম লেখার দায়ে এমসি কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার : এমসি কলেজ থেকে প্রকাশিত ত্রৈমাসিক ম্যাগাজিন ‘জাগরণ’ এ বিতর্কিত নিবন্ধ লেখার দায়ে লেখকের বিরুদ্ধে আদালতে দু’টি মামলার আবেদন করা হয়েছে। আজ সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতে ইসলাম ধর্ম ও মুক্তিযুদ্ধকে অবমাননার দায়ে দু’টি মামলা দায়ের করেছেন মাওলানা আজিজুল হক জালালাবাদী ও ছাত্রদল নেতা মো: সামী৷ মামলায় অভিযুক্ত শিক্ষার্থীর নাম মহসিন আল আবিদ।সে এমসি কলেজের শিক্ষার্থী৷ সে একই কলেজের ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ এবং ‘হৃদপিণ্ড’ নামক সংগঠনেরও সদস্য। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। তার বাবা মৃত আব্দুর রহমান।

জানা যায়, ১৫ সেপ্টেম্বর এমসি কলেজের ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’র উদ্যোগে ‘জাগরণ’ নামক ত্রৈমাসিক একটি ম্যাগাজিন প্রকাশ হয়। সে বইয়ে মহসিন আল আবিদের “উগ্রপন্থার উত্থানের ঝুঁকি:উত্তরণের উপায়’ শিরোনামে একটি কলাম প্রকাশ হয়। প্রকাশিত কলামে ভাস্কর্য,মূর্তি,মাজার ও বিভিন্ন স্মৃতিচিহ্ন ভাঙ্গার জন্য ইসলামপন্থীদের পাশাপাশি বিএনপির কঠোর সমালোচনা করা হয়। একই কলামে মহানবী মুহাম্মদ (সা:) সহ মুসলিম মনীষীদের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও আপত্তিকর শব্দচয়ন করেন বামপন্থী জাসদ ছাত্রলীগের সমর্থক আবিদ।

লেখাটি প্রকাশ হওয়ার পর থেকেই এ নিয়ে সিলেটে আলোচনা-সমালোচনা শুরু হয়৷ বিশেষ করে আবিদের এ লেখনী ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভ সঞ্চার করে৷ এ লেখনীর প্রতিবাদে গতকাল আবিদের গ্রামে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় হেফাজতে ইসলাম,জামায়াত-শিবির সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। সে মিছিল থেকে আবিদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল গ্রামের বাড়িতে হামলার পর আজ ‘ধর্ম অবমাননা’র অভিযোগে আদালতে মামলার আবেদন করেন হেফাজতে ইসলামের সিলেট মহানগরীর নেতা ও দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুল হক জালালাবাদী। দন্ডবিধির (১৮৬০) এর (২৯৫) এর ক ধারায় দায়ের করা মামলায় হেফাজত নেতা আজিজুল হক লেখকের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন৷

একই কলামে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং অবমাননা হয়েছে মর্মে আরেকটি মামলা করেছেন এমসি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সামী।