
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে শামা বেগম নামের এক নারী আওয়ামী লীগ নেত্রীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও বর্বরচিত নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল (২৮ আগস্ট ২০২৫) বিকেলে দক্ষিণ সুরমা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ প্রদান করা হয়।
আহত শামা বেগম দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রীনেত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শামা বেগম ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন রশীদ ও তাঁর চিহ্নিত ৮-১০ জন সশস্ত্র ক্যাডার লাঠিসোটা, লোহার রড, হকি স্টিক ও বন্দুক (আগ্নেয়াস্ত্র) নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বর্বর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার পর, স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত ও মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান।
শামা বেগমের স্বজনেরা জানান, গত ৫ই আগস্টের সরকার পরিবর্তনের পর থেকেই বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসীরা তাঁকে রাজনৈতিকভাবে নিগৃহীত করতে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এই হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দক্ষিণ সুরমা থানায় নিয়ে মামলা করতে চাইলে পুলিশ প্রভাবশালী হামলাকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা জিডি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। বর্তমানে শামা বেগম ও তাঁর পরিবার চরম প্রাণসংশয়ে ভুগছেন।