
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাদিরপুর গ্রামে এক ব্যক্তিকে মারধর, প্রাণনাশের হুমকি এবং ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইলিয়াছ মিয়া (৩৫) ও রয়েল মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছালিক মিয়া (২৮) নামে এক ব্যক্তি।
অভিযোগকারী ছালিক মিয়া ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ইলিয়াছ মিয়া ও রয়েল মিয়া সাদিরপুর গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ছালিক মিয়া তার বোনের কাছ থেকে ধান বিক্রির ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সাদিরপুর গ্রামে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছালিক মিয়ার অভিযোগ, পথরোধের পর ইলিয়াছ মিয়া লোহার রড দিয়ে তাকে আঘাতের চেষ্টা করেন। আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান কাঁধে লাগে। এ সময় রয়েল মিয়া কাঠের একটি বস্তু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে তার পকেটে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ছালিক মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ছালিক মিয়া অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় ইয়াবা ও গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে ও তার ভাগনেকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইলিয়াছ মিয়ার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।”
অভিযোগকারী ছালিক মিয়া ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।