
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনজুর আলীর বিরুদ্ধে দেশে অরাজকতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে অর্থায়ন, সার্বিক সহযোগিতা ও রাজনৈতিক অশালীন বক্তব্যের অভিযোগ তুলেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহ।
গত ২৮শে সেপ্টেম্বর যুক্তরাজ্যের সমাবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-কে নিয়ে অশালিন মন্তব্য করেছেন তিনি।
দক্ষিণ সুরমা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো এ বিষয়ে কঠোরভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং তাকে হাইকমিশনারের মাধ্যমে দ্রুত দেশে এনে কার্যত কঠিন ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো আরও দাবি করেছে, যুক্তরাজ্যে অবস্থান করেও মনজুর আলী দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং স্থানীয় পর্যায়ে অরাজকতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডে অর্থ ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন।
তাদের অভিযোগ, বিদেশে অবস্থান করলেও তিনি দেশে তার রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। এর মাধ্যমে দক্ষিণ সুরমার রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।
মনজুর আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা। বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।