• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষে ভোট না দেওয়ায় ছাতকে বিএনপি নেতা কাজলের নেতৃত্বে হামলা-ভাঙচুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের ন্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারের কপলা গ্রামে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ধানের শীষে ভোট না দেয়ার কারণে ছাতক উপজেলার আওয়ামী যুবলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলমের বাড়িতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি, বিএনপি নেতা কাজলের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী হামলা এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠে। ওই সময় জাহাঙ্গীর আলমের পিতা মো. আছন আলী গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। একই সময়ে গ্রামের আরও একাধিক নেতার উপর ও তাদের বসতবাড়িতে হামলা করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন শুক্রবার সকাল ৯টার দিকে কপলা গ্রামে বিএনপি নেতা কাজলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা মো. আছন আলীর বাড়ির পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে তার উপর হামলা ও বসতবাড়িতে ভাঙচুর চালায়। হামলাকারীরা বেলা ১১টার দিকে আওয়ামীলীগ নেতা শামছু মিয়া ইনিয়াস আলীর বসতবাড়িতেও হামলা ও ভাঙচুর চালায়। দুপুরের দিকে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরজু মিয়ার বাড়িতে একইভাবে হামলা, ভাঙচুর চালিয়ে অর্থ লুটপাট করা হয় বলে অভিযোগ করেন তিনি। আরজু মিয়া জানান ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিনের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে তিনি আহত হওয়ার পর স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানান।

এ বিষয়ে ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ প্রেরণ করা হয়েছে। তিনি জানান নাশকতারোধ করতে পুলিশ কাজ করছে।