• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলায় দুই ভাই আহত

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৩
জগন্নাথপুরে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলায় দুই ভাই আহত

পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় জগন্নাথপুরের জামালপুর রূপসপুরে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। পহেলা এপ্রিল বিকেল সাড়ে ৩ টার দিকে আক্রান্তদের বসত বাড়ীতে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন জামালপুর রূপসপুর গ্রামের আবদুল বশরের ছেলে হিবু সুলতান ও রিমু সুলতান। গুরুতর আহত দুই ভাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের ভাই সিমু সুলতান বাদী হয়ে ৭ জনের নামোল্লেখ করে এবং ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে জগন্নাথপুর থানায় ৩ এপ্রিল একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১।

মামলা সূত্রে জানা যায় আসামী রিজু সুলতান, বাবুল মিয়া, লেচু মিয়া, সাজ্জাদ মিয়া, শিশু মিয়া, রফু মিয়া ও সফু মিয়াসহ আরো ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনার দিন বাদী পক্ষের বাড়ীতে এসে তাদের গালিগালাজ ও ডাকাডাকি শুরু করে। এ অবস্থায় হিবু সুলতান আসামীদের বাধা প্রদান করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় প্রধান আসামী রিজু সুলতানের নেতৃত্বে প্রানে হত্যার উদ্দেশ্যে বাদী পক্ষের লোকজনের উপর হামলা চালায় অন্যান্য আসামীরা। এতে হিবু সুলতান ও রিমু সুলতান গুরুতর জখম প্রাপ্ত হন। বাদী পক্ষের অভিযোগ আসামীদের বিরুদ্ধে ইতোমধ্যে তারা একটি বিবিধ মামলা দায়ের করেছেন। নং ২৩/২০২৩ইং। এর আগেও হিবু সুলতানকে আসামীরা মারপিট করে হত্যার চেষ্টা করে। যা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।