
একুশে নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকার পরিচিত মুখ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২২ ব্যাচের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী লাবিব ইসলাম রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ পীরেরবাগ (সেনপাড়া পর্বতা) এলাকার স্থায়ী বাসিন্দা লাবিব ইসলাম (২১), পিতা- মোঃ জহুরুল হক, অল্প বয়স থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।
দলীয় সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৮ সালে স্কুল জীবনেই বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। পরবর্তী সময়ে তার সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালের ২৫শে অক্টোবর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে মিরপুর থানা ছাত্রলীগের ‘সমাজ সেবা সম্পাদক’ পদের দায়িত্ব দেওয়া হয়।
মিরপুর থানা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে লাবিব ইসলাম মিরপুর ২ নম্বর এলাকাসহ পুরো থানায় ছাত্রলীগের সাংগঠনিক কর্মসূচী ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নেন। ২০২৩ সালের ডিসেম্বরে ২১ বছর পূর্ণ করা এই তরুণ ছাত্রনেতা কেন্দ্রীয় ও মহানগরের দেওয়া বিভিন্ন রাজনৈতিক এবং জাতীয় কর্মসূচিতেও প্রথম সারিতে থেকে কাজ করেছেন।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায়, গত ৪ঠা আগস্ট ২০২৪ তারিখে মিরপুর ১০ ও ১১ নম্বর সেকশনের মাঝামাঝি সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় অন্য আসামিদের পাশাপাশি ১৫ নম্বর আসামী হিসেবে লাবিব ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে মামলাটি সিএমএম আদালতে বিচারাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবেলা করা হচ্ছে।
মিরপুর ২ নম্বর এলাকার সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক সহযোদ্ধাদের মতে, রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্ররাজনীতির পাশাপাশি এলাকার মানবিক ও সামাজিক কার্যক্রমে সব সময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।