
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা আমিনুল ইসলাম ইমনের বাড়িতে পুলিশের অভিযান চালানোর খবর পাওয়া গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সম্প্রতি মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল তাকে খুঁজতে তার গ্রামের বাড়িতে যায়। তবে অভিযানের সময় তিনি দেশে ছিলেন না বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম ইমন বর্তমানে বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত রয়েছেন। এ কারণে পুলিশ তাকে আটক করতে পারেনি।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ২০১৯ সালে সংঘটিত একটি মারপিটের মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা কার্যকরের অংশ হিসেবেই পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একসময় মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা আমিনুল ইসলাম ইমন জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও মেয়র ফজলুর রহমান গ্রুপের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। কলেজ ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানা যায়।
তবে আমিনুল ইসলাম ইমন বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মৌলভীবাজার মডেল থানা সূত্রে আরও জানা গেছে, মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরোয়ানা বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।